পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত

২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম


পাঁচদোনায় চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনের মহাসড়কে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন।  

হামলায় আহত সাংবাদিকরা হলেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ক্র্যাব এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, সাখাওয়াত কাউছার, মনির হোসেন এবং ক্র্যাবের স্টাফসহ বাস চালক ও হেলপার।

সাংবাদিক এসএম ফয়েজ জানান, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর ফ্যামেলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সাংবাদিকরা। পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে সাংবাদিকদের বাস পার্কিং করায় টাকা দাবি করে। সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায়। আহতদের মাধবদীর বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ড্রিম হলিডে পার্কের সামনে অনেকে নিজস্ব জায়গায় গাড়ি পার্ক করার ব্যবসা করলেও অনেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের জায়গা দখল করে পার্কিং ব্যবসা করে আসছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।



এই বিভাগের আরও