মাধবদীতে ট্রাকচালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, অস্ত্রসহ গ্রেপ্তার ২

০৪ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম


মাধবদীতে ট্রাকচালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদীতে ট্রাকচালকের মাথায় বিদেশি পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ছিনতাই হওয়া নগদ অর্থ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মাধবদী থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান আশিক।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে মাধবদী থানা এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নলুয়া নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন মাধবদী থানার পাঁচভাগ শ্রীনগর এলাকার মৃত মিজানের ছেলে শুভ (২২) এবং একই এলাকার হালিম মিয়ার ছেলে ফাহিম (২৬)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্রাকচালকের গতিরোধ করে তিন ছিনতাইকারী। এ সময় তারা পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে চালকের কাছে থাকা নগদ ১০ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকের নির্দেশে মাধবদী থানার এসআই (নিরস্ত্র) আবু ইউসুফের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড ৭.৬২ মিমি তাজা গুলি এবং ছিনতাই হওয়া টাকার মধ্যে নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাধবদী থানায় অস্ত্র আইনের ১৯F/১৯A ধারা এবং দণ্ডবিধির ৩৯২ ধারায় দুটি পৃথক মামলা (মামলা নং- ৬ ও ৭) রুজু করা হয়েছে। এর আগেও এ দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এ গ্রুপের অপর সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



এই বিভাগের আরও