মানুষ নয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম


মানুষ নয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি আমাদের আছে। জনস্বাস্থ্যের দিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে, দুর্নীতি মুক্তভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে

তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে গিয়ে প্রশাসনের কর্মকর্তা ও দলীয়  নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন, তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার উর্দ্ধে উঠে সকল বিদ্বেষ ভুলে গিয়ে রাজনৈতিক কোন অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দুর্নীতি মুক্ত ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

স্বাস্থ্য মন্ত্রী জানান, নরসিংদীসহ দেশের আরও যেখানে প্রয়োজন সেখানে মেডিকেল কলেজ করা হবে। নরসিংদীর জন্য দুটো আইসিউ ইউনিট করার ইচ্ছে এরই মধ্যে পোষণ করেছেন বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম তিনি শুক্রবার সকালে নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসেন। এসময় গার্ড অব অনারের পর এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।



এই বিভাগের আরও