ইউনিয়ন সিটিসি : মানব পাচার প্রতিরোধে লাখ টাকা বরাদ্দ

১৬ মে ২০২৬, ০৯:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ এএম


ইউনিয়ন সিটিসি : মানব পাচার প্রতিরোধে লাখ টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক:

তৃণমূল পর্যায়ে মানব পাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের পুনর্বাসন প্রক্রিয়া বেগবান করার লক্ষ্যে নরসিংদীতে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) সদস্যদের নিয়ে এক রিফ্রেসার্স সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৬ মে) নরসিংদীর একটি রেস্টুরেন্টে দিনব্যাপী এই সেশনটি অনুষ্ঠিত হয়।

 

 

সেশনে নরসিংদী সদর উপজেলার নজরপুর ও শিলমান্দী ইউনিয়ন এবং রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের সিটিসি কমিটির প্রতিনিধিরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা সিটিসি সদস্য আশরাফুল ইসলাম খান। 

 

 

 

দিনব্যাপী এই কর্মশালায় সিটিসি কমিটির সুনির্দিষ্ট কার্যপরিধি, ইউনিয়ন পরিষদ পর্যায়ে মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের প্রসার এবং স্থানীয়ভাবে সার্ভাইভারদের (উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি) টেকসই সহায়তার জন্য বাজেট বরাদ্দকরণ ও ব্যয়ের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তিনটি ইউনিয়ন পরিষদের আসন্ন বাজেটে মোট ১ লক্ষ টাকা বরাদ্দ রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। উক্ত অর্থ স্থানীয় পর্যায়ে মানব পাচার বিরোধী সচেতনতা ও ভুক্তভোগীদের সহায়তায় ব্যয় করা হবে। 

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা সিটিসি সদস্য আশরাফুল ইসলাম খান তৃণমূলের এই বাজেট বরাদ্দকে মানব পাচার প্রতিরোধে একটি যুগান্তকারী ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "বাজেট বরাদ্দের বিষয়টি আইনগত বাধ্যবাধকতা। আজকে এর শুরুটা হলো। এই ধারা যেন অব্যাহত থাকে সেজন্যে আমাদের কাজ করে যেতে হবে।"

 

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে চলমান ‘আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের আওতায় এই ইভেন্টের আয়োজন করা হয়। কর্মসূচিটি যৌথভাবে বাস্তবায়ন ও আয়োজন করে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) ও ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইনরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর অসিৎ ব্যানার্জি। এছাড়া রামরু এবং ওয়্যারবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও