নরসিংদীতে মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

২২ মে ২০২৬, ০৮:২৬ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ এএম


নরসিংদীতে মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর আদালতে মামলার হাজিরা দিয়ে বের হওয়ার সময় আদালত প্রাঙ্গনে মামলার বাদী সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে আসামীরা। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুরা নরসিংদী আদালত মামলার প্রাঙ্গনে বাদী দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক মো: ফারুক মিয়াকে এ হুমকি দেয়া হয়।

এ ঘটনায় নরসিংদী সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মো: ফারুক মিয়া। এছাড়া তাৎক্ষণিক বাদী আদালতের কক্ষে প্রবেশ করে বিচারককে হুমকির বিষয়টি অবহিত করেন।

জানা গেছে, সাংবাদিক ফারুক মিয়ার পৈতৃক ভোগদখলীয় জমি প্রতারণার মাধ্যমে বিক্রি করে দেয়ার অভিযোগে তিনি বাদী হয়ে আদালতে মামলা করেন। নরসিংদী সিআইডি পুলিশ মামলাটির তদন্ত শেষে আসামী মোস্তফা মোমেন, মোস্তফা হেলাল উদ্দিন, মোস্তফা মোসাদ্দেক, মোস্তফা দিলকী তামান্না, মোস্তফা জাবেদ কামাল রিয়াদ, ফাইজিয়া বিলকিস, আফরোজা বিলকিস, মাহবুবা বিলকিস ও মো: জসিম উদ্দিন এর বিরুদ্ধে ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় আদালতে চার্জসিট দাখিল করে।

এ মামলায় আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী হলে আদালতে হাজির হয়ে জাবেদ কামাল রিয়াদ ব্যতিত অন্যান্য আসামীগণ জামিন প্রাপ্ত হন।

বৃহস্পতিবার ছিল মামলার বাদী ও আসামীদের আদালতে নির্ধারিত হাজিরার দিন। এ দিন আসামী আফরোজা বিলকিস ও জাবেদ কামাল রিয়াদ আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী ফারুক মিয়া জানান, হাজিরা শেষে আদালত কক্ষ থেকে বের হয়েই আসামীগণ বাদীকে ও তার বাপ-মাকে উচ্চস্বরে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে আসামীরা বাদীকে মামলা তুলে না নিলে খুন করে লাশ গুম করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। এসময় আসামীরা বাদীর প্রতি মারমুখী হয়ে এগিয়ে গেলে প্রানভয়ে বাদী আদালত কক্ষে ঢুকে পড়েন। এসময় বাদী চলমান আদালতের বিচারককে হুমকির বিষয়টি অবহিত করেন বলে জানান। পরে তিনি এ ঘটনায় নরসিংদী সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

মামলার বাদীর অভিযোগ, মামলা করার পর থেকে আসামীদের অব্যাহত প্রাণনাশের হুমকি ও মামলা তুলে নেয়ার হুমকির মুখে তিনি প্রায় এক বছর যাবৎ বাড়ীতে যেতে পারছেন না। আসামী পক্ষ প্রভাবশালী ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি, খুনের একাধিক মামলা রয়েছে।



এই বিভাগের আরও