নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের ৭ মামলায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ এএম


নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের ৭ মামলায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ​বুধবার (০২ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের সার্বিক সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। একই সাথে ২০টি অবৈধ গ্যাসের চুলা জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে নরসিংদী শহরের পাটপট্টি, দত্তপাড়া, শাপলা চত্বর ও বাসাইল এলাকার বিভিন্ন আবাসিক বাসাবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। সেখানে অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তা বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহারিক ২০টি অবৈধ চুলা জব্দ করা হয়।


​অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।


​অভিযান পরিচালনায় তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং নরসিংদী জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।


​নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি রাজস্ব রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধ ব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।



এই বিভাগের আরও