আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালি

১৩ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম


আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:

"ভিন্ন পেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১২ আগস্ট (বুধবার) শহরে এক বিশেষ র‍্যালির আয়োজন করে ‘কমিউনিটি একশন ফর চেইঞ্জ (ক্যাক)’। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতায় ছিল ‘স্মাইল - সিক্রেট অব ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন’।

 

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও বিশেষ মোড়গুলো প্রদক্ষিণ করে নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন ক্যাকের সহ-সভাপতি অলি উল্লাহ্ মোল্লা, স্মাইলের সহ-সভাপতি পর্ণা সরকার এবং ইউনাইটেড নরসিংদী এলায়েন্সের (ইউএনএ) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ কাউসার আহমেদসহ অন্যান্য যুব সংগঠনের প্রতিনিধিরা।

 

প্রধান বক্তার বক্তব্যে ক্যাকের সহ-সভাপতি অলি উল্লাহ্ মোল্লা বলেন, "সারাবিশ্বের যুবরা নানান দেশে নানান রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজের লক্ষ্য পূরণ করতে চেষ্টা করে। আমাদের প্রত্যেকের পথ ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন এবং চ্যালেঞ্জও ভিন্ন। তবুও আমাদের লক্ষ্য এক ও অভিন্ন। আমরা তারুণ্যের ঐক্যের মাধ্যমে এই পৃথিবীকে সবার জন্য বাসযোগ্য করে তুলতে চাই।"

 

সমাবেশে অন্যান্য বক্তারা আন্তর্জাতিক যুব দিবসের মূল উদ্দেশ্য যেন সফল হয় সেই আশাবাদ ব্যক্ত করেন। একইসাথে তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে এবং তাদের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করতে সরকার ও স্থানীয় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

 

উল্লেখ্য, আয়োজক সংগঠন কমিউনিটি একশন ফর চেইঞ্জ (ক্যাক) এর সভাপতি জানান যে ক্যাক মূলত তরুণদের পরিচালিত একটি যুব সংস্থা। সংগঠনটি দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে নানা সামাজিক কাজ পরিচালনা করে আসছে।



এই বিভাগের আরও