কোনো রকম চক্রান্ত-ষড়যন্ত্র করে বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না: খায়রুল কবির খোকন এমপি 

২৫ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম


কোনো রকম চক্রান্ত-ষড়যন্ত্র করে বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না: খায়রুল কবির খোকন এমপি 

নিজস্ব প্রতিবেদক:

কোনো রকম চক্রান্ত-ষড়যন্ত্র করে আমাদের এই বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী দিনে এই সরকারের ঘোষিত সকল কর্মসূচি—বৃক্ষরোপণ থেকে শুরু করে সরকারের কর্মসূচিগুলো আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।

 

তিনি আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলা কৃষক দলের উদ্যোগে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও কৃষকদের মধ্যে চারা বিতরণসহ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

 

তিনি আরও বলেন, দলীয়ভাবে জনগণকে উদ্বুদ্ধকরণে আমরা যে কাজ করে যাচ্ছি, জনগণ আমাদের পক্ষে আছে। তাই জনগণের কল্যাণে-মঙ্গলে আমরা সরকারের ঘোষিত কর্মসূচিগুলো ন্যায়, নীতি, সততার সাথে বাস্তবায়ন করব। এ দেশের একটি বিধ্বস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। একটা বিধ্বস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে আমাদের এই সরকার যেটুকু করছে, এটা কিন্তু বিরল ঘটনা।

 

তিনি বলেন, আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে'—তাই কৃষকদের জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফসহ সেসব বিষয়গুলি কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং কৃষকদের সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে।

 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

 

নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ভি.পি. আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল এমপি।

 

জেলা কৃষকদলের সদস্য সচিব দীপক কুমার বর্মন জি.এস. প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এবং কৃষকদলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান।



এই বিভাগের আরও