৬ মাসের ভেতরেই একএক করে নির্বাচনী ওয়াদা পূরণ করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান

২৬ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম


৬ মাসের ভেতরেই একএক করে নির্বাচনী ওয়াদা পূরণ করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক:

তারেক রহমানের নেতৃত্বে আমরা সঠিক পথে হাটছি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সরকারের জন্য ৬ মাস দীর্ঘ সময় না হলেও- তারেক রহমান যে নির্বাচনী ওয়াদাগুলো করেছিলেন ৬ মাসের ভেতরেই তিনি তা একটি একটি করে পূরণ করছেন।

বুধবার (২৬ আগস্ট) বিকালে নরসিংদীর পলাশে ঈদে মিলাদ উন নবী উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলো কিন্তু ইসলামের আদর্শকেই প্রতিষ্ঠিত করছেন। ফ্যামিলী কার্ড এর মাধ্যমে দরিদ্র মানুষকে কিছু সহায়তা করার যে ধ্যান ধারনা এবং প্রচলন প্রধানমন্ত্রী করেছেন সেগুলো কিন্তু রসুল (সা:) এর শিক্ষা থেকেই। বিগত সরকার যা গত ১৭ বছরে করতে পারেনি, আমরা ক্ষমতায় এসে মাত্র ছয় মাসে তার থেকে অনেক বেশী করেছি। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এমনকি মন্দিরেও অনুদান দিয়েছি। 

মন্ত্রী আরো বলেন, এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার।

যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জাল হোসেন মাস্টার, মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসানা খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা,  সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও মানুষের কল্যানে বিশেষ দোয়া করা হয়।

মন্ত্রী এর আগে তার পিতা সাবেক খাদ্য মন্ত্রী মরহুম মোমেন খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।



এই বিভাগের আরও