চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম


চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারের মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) নরসিংদী শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মংলাল চৌহানের ছেলে রাজেন্দ্র চৌহান (৪৫) ও একই গ্রামের চন্দন চৌহানের ছেলো সাগর চৌহান (২৫)। এ মামলায় রাজেন্দ্র চৌহান ১ নম্বর এবং সাগর চৌহান ৪ নম্বর এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের এসআই শেখ মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন।

গত (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চরসিন্দুর বাজার থেকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন মনি। পরে বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই চরসিন্দুরসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। একজন ব্যবসায়ীকে এভাবে হত্যার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিবির ওসি আবুল কায়েস আকন্দ বলেন, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুই আসামি গ্রেপ্তারের খবরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

একই সঙ্গে মনি চক্রবর্তী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের স্বজন, ব্যবসায়ী ও এলাকাবাসী।



এই বিভাগের আরও