রায়পুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অভিযুক্তদের বহিষ্কারের হুশিয়ারি এমপির

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম


রায়পুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অভিযুক্তদের বহিষ্কারের হুশিয়ারি এমপির

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিপক্ষের করা আঘাতে বিএনপির এক কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তি হলেন, বটতলী গ্রামের আলাউদ্দিন মেম্বারের ছেলে ফারুক মিয়া (৪৫)। তিনি চর-আড়ালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের মধ্যেই হঠাৎ মারামারি শুরু হয়। এসময় প্রতিপক্ষের আঘাতে ফারুক মিয়া'র পাঞ্জাবি ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে নীলাফুলা জখম হয়।

নাম প্রকাশ না করা শর্তে চর-আড়ালিয়া ইউনিয়নের কয়েকজন বিএনপি নেতা জানান, সকালে প্রতিষ্ঠাবার্ষিকীতে আসার সময় থেকে নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক, চর-আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার ও চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মিঠু গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে রায়পুরা পৌর শহরে গিয়ে হাসানুজ্জামান সরকার গ্রুপ ও আতাউর রহমান মিঠু গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় হাসানুজ্জামান গ্রুপের সমর্থকের হামলায় মিঠু গ্রুপের একজন কর্মী আহত হয়।

আতাউর রহমান মিঠু অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নির্দেশনায় র‍্যালি নিয়ে রায়পুরা পৌর শহরে যাই। সেখানে যুবদলের সাধারণ সম্পাদক ও চর-আড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের লোক ডাকাত ফখরুদ্দিন, নিশাতসহ আরো ৪/৫ জন মিলে আমাদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় আমার এক কর্মী আহত হয়। পরে আমরা বিষয়টি এমপি মহোদয়কে জানালে ও তিনি সবাইকে উপজেলা মাঠে ডেকে বিষয়টি দ্রুত সুষ্ঠু সমাধান করবে বলে আশ্বাস প্রদান করেন।

মিঠু আরো বলেন, আমাদের জনপ্রিয়তা দেখে, আমাদের অনেক লোকজন দেখে সকালেই তারা আমার চাচাতো ভাই মাইনউদ্দিককে মারধর করে। তখন তাৎক্ষণিক আমি কোন ঝামেলায় না জড়িয়ে বিষয়টি এমপিকে জানাই। তারপরেও প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে আমার লোকজনকে মারধর করে।

এ ব্যাপারে চর-আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এ ব্যাপারে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, যারা বিএনপিতে থেকে বিএনপির নেতৃবৃন্দকে মারধর করবে ওই বিএনপি করা লোক দরকার নাই। দ্রুতই আমি তাদের বহিষ্কার করবো। আমি ইতোমধ্যে তাদের ডেকে মিটিং করেছি। তাদের ৭দিনের সময় বেঁধে দিয়েছি। এরমধ্যে হাসানুজ্জামান যদি সঠিকভাবে বিচার করে তাহলে করবে, নয়তো আমি ৭দিন পর বসে যে অপরাধ করেছে তাকে দল থেকে বহিষ্কার করব এবং তাদের বিচারের আওতায় আনব।



এই বিভাগের আরও