রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম


রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ আবার নতুন করে রাজনৈতিক জটিলতা ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে আবার একটি সুন্দর ঐতিহ্যময় সরল জীবন যাপনের দিকে এগিয়ে যাবে, যার ইঙ্গিত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আমাদের সামনে উপস্থাপন করেছেন। এদেশের তরুণ সমাজের দৈহিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। আমরা লেখাপড়া ও রাজনীতির পাশাপাশি, দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডসহ খেলাধুলাকে পুনরুজ্জীবিত করব।


তিনি আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর শিবপুরের যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীর ঘাটে বাজার কমিটি আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নৌকা বাইচের যে অনাবিল আনন্দ মানুষেরা উপভোগ করত, আজকের এই সমাজ ব্যবস্থায় জটিলতার কারণে মানুষ সেই আনন্দ ভুলে গিয়েছে। আজকের নৌকা বাইচের মাধ্যমে ঐতিহ্যকে পুনরুদ্ধারের যে চেষ্টা, সেই চেষ্টা ভবিষ্যতে সফল হবে।

মন্ত্রী আরও বলেন, এই ঢাকা বিভাগে নরসিংদীর সর্বস্তরের মানুষ ৯১ এ পাঁচটি আসনে বিএনপিকে বিজয়ী করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছেন। পরবর্তীতে ৯১ থেকে শুরু করে ২০২৬, এই দীর্ঘ ৩৫ বছর পরে নরসিংদীবাসী পুনরায় আমাদের পাঁচটি আসনে জাতীয়তাবাদী শক্তি বিএনপিকে বিজয়ী করে আবার পাঁচটি আসন তারেক রহমানকে উপহার দিয়েছেন। আমরা নরসিংদীবাসী এজন্য গর্ববোধ করি। বিএনপির জাতীয়তাবাদী শক্তি টিকে রাখার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনেক। সেই দৃষ্টান্ত অনুসরণ করে এই দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

যোশর বাজার পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী ১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী ৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী ৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।



এই বিভাগের আরও